বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জরুরি ভিত্তিতে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে যেভাবেই হোক আদালতে অথবা তার পরিবারের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। রবিবার রাতে গুলশানের কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ শেষে ঢাকা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন।
ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী এসময় তার সঙ্গে ছিলেন। মাসুদ আহমদ তালুকদার বলেন, খালেদা জিয়া নেতাকর্মীদের মামলা নিয়ে উদ্বিগ্ন। তাই তিনি আইনজীবীদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, আজ সোমবার সালাহ উদ্দিন আহমেদের রিটের শুনানি আছে। তার আগেই যেন তাকে আইন-শৃঙ্খলা বাহিনী আদালতে হাজির করে। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সেই আহ্বান জানিয়েছেন।
