ঢাবিতে ২য় বার ভর্তির সুযোগ: হাইকোর্টের রুল

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ১৯:৫০
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ বাতিলের সিদ্ধান্তকেন অবৈধ ঘোষণা করা হবে না- এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট।
 
একইসঙ্গে শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন।
 
আগামী দুই সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, ঢাবি উপাচার্য, রেজিস্ট্রার, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, পরীক্ষা নিয়ন্ত্রক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ আটজনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতেই ঢাবি কর্তৃপক্ষ গত বছরের অক্টোবর মাসে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ বাতিল করে। এর আগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণরা টানা দুইবার ঢাবির ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেতেন।
 
কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অটল থাকেন। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে মিনারা বেগম ও রুহুল আমিনসহ ২৬ জন।
 
রিটকারীগণের পক্ষে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে।