সুজন হত্যা: এসআই জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ১৫:৫৫
ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলায় মিরপুর থানার এসআই জাহিদুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছে আদালত।
সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক কেএম ইমরুল কায়েস অভিযোগপত্র গ্রহণ করেন।
গত ১২ জুলাই রাতে পুলিশি নির্যাতনে রাজধানীর রমিরপুরের জুট ব্যবসায়ী সুজন মৃত্যুর ঘটনায় তার স্ত্রী মমতাজ সুলতানা লুসি মিরপুর থানার ওসি সালাহউদ্দিন খানসহ ১০ জনকে আসামি করে ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন ২০১৩’ এর ১৫ ধারায় মামলা করেন। গত ৬ নভেম্বর  আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।
 জানা গেছে, ২০০৮ সালে ২৪ সেপ্টেম্বর পুলিশের এসআই পদে যোগদান করেন জাহিদুর রহমান। মাদারীপুর সরকারি কলেজে অনার্স পড়াকালীন ছাত্রলীগের ঐ কলেজ শাখার প্রচার সম্পাদক ছিলেন তিনি। ছাত্রলীগ করার সুবাদে স্থানীয় একজন সংসদ সদস্য তাকে পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে চাকরি দেয়ার সুপারিশ করেন। ঐ সুপারিশের ভিত্তিতে জাহিদুর রহমানকে এসআই পদে চাকরিতে মনোনীত করা হয়। পুলিশের মাদারীপুর ডিএসবি (জেলা বিশেষ শাখা) অফিসে এসআই জাহিদুর রহমানের ব্যক্তিগত ফাইলে ঐ সংসদ সদস্যের সুপারিশ রয়েছে বলে পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে।