আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে খুজেঁ না পাওয়া রাজনীতির জন্য অশুভ লক্ষণ।
সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চলমান রাজনীতি বিষয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইমদাদুল হক সেলিম।
সুরঞ্জিত বলেন, রাজনীতি হবে প্রকাশ্যে। জনগণের জন্য জনগণকে নিয়েই হবে রাজনীতি। অন্তরালের রাজনীতি না হওয়াই ভালো। অন্তরালের রাজনীতি অন্তর্ধানে পরিণত হয়েছে। এটা অন্তর্ঘাতে পরিণত হওয়াটা হবে আরও বেশি দুঃখজনক। এ ধরনের নাটকীয়তা রাজনীতির জন্য অশুভ লক্ষণ।
তিনি বলেন, আশা করি আমরা সালাহউদ্দিন আহমেদ সম্পর্কে একটা ভালো খবর পাবো। সর্বমহলের সর্বপ্রচেষ্ঠায় সালাহউদ্দিনকে খুজঁতে হবে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সংবাদ সম্মেলন করে সহিংসতাকে উস্কে দিয়েছেন। এতদিন পর বেগম সাহেব সংবাদ সম্মেলনে আসলেন। মানুষ মনে করেছিলো তিনি চলমান সংঘর্ষ-সংঘাতের রাজনীতি পরিহারের কথা বলবেন। কিন্তু আমার কাছে মনে হলো, উনি যেন এই সংঘাতের রাজনীতিকে আরও উস্কে দিলেন।
