ড্যান্ডি ডায়িং মামলায় খালেদা জিয়া ও কেকোর স্ত্রী-কন্যা বিবাদী

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ১৭:৪৫
 
 
ড্যান্ডি ডায়িংয়ের ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের মামলায় আরাফাত রহমান কোকোর পরিবর্তে তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, স্ত্রী ও দুই কন্যাকে বিবাদী করা হয়েছে। সোনালী ব্যাংকের আবেদন মঞ্জুর করে ঢাকার প্রথম অর্থঋণ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রোকসানা আক্তার হ্যাপী সোমবার এই আদেশ দেন। বিবাদীরা সময়ের আবেদন করায়, এ মামলায় বিচার্য বিষয় নির্ধারণের তারিখ পিছিয়ে ১২ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন তিনি।
 
এ বিষয়ে সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর আলম জানান, খালেদা জিয়ার ছোটো ছেলে আরাফাত কোকো মারা যাওয়ায় তার জায়গায় নতুন করে চারজনকে বিবাদী করতে আদালতের কাছে আবেদন করেছিলেন তারা। আদালত তা মঞ্জুর করেছে। নতুন চার বিবাদী খালেদা জিয়া, কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি ও তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।
 
গত জানুয়ারিতে কোকোর মৃত্যুর পর দেশে এলেও দাফন শেষে মেয়েদের নিয়ে মালয়েশিয়া ফিরে যান শার্মিলা রহমান। মুদ্রাপাচার মামলায় সাজাপ্রাপ্ত কোকো গত ছয় বছরের বেশি সময় ধরে পরিবার নিয়ে সেখানেই ছিলেন।
 

এর আগে এই মামলার ১০ নম্বর বিবাদী মোজাফফর আহমেদের মৃত্যুর পরও তার স্ত্রী শামসুন্নাহার ও ছেলে মাসুদ হাসানকে বিবাদী করেছিল সোনালী ব্যাংক।