ডিজিটাল দুনিয়া বাসিন্দাদের বিরক্তিকর যে ব্যাপারগুলোর মধ্য দিয়ে যেতে হয় তার মধ্যে পাসওয়ার্ড মনে রাখা একটি। আর একাধিক ইমেইল, সামাজিক যোগাযোগ সাইটের একাউন্ট, পেশাগত প্রয়োজনীয় পাসওয়ার্ড মুখস্থ রাখতে নাজেহাল হতে হয় অনেককেই।
এবার ইমেইলের পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা থেকে মুক্তি দিতে যাচ্ছে ইয়াহু। এমনকি একবার একাউন্ট তৈরি করে পাসওয়ার্ড ভুলে গেলেও কোন ঝামেলায় পড়তে হবেনা একাউন্ট মালিককে। ব্যাপারটা অনেকটা টু স্টেপ অথেনটিকেশনের মত, যেখানে বাড়তি সুরক্ষার জন্য পাসওয়ার্ড দেয়ার পরও মোবাইলে পাঠানো নিরাপত্তা কোড দিয়ে একাউন্টে প্রবেশ করতে হয়। ইয়াহুর চালু করা পাসওয়ার্ড বিহীন ইমেইল সার্ভিসটির মাধ্যমে একজন ব্যবহারকারী প্রতিবার প্রবেশের সময় পাসওয়ার্ড ব্যবহার না করে শুধুমাত্র মোবাইলে পাঠানো অথেনটিকেশন কোডটি দিয়েই ইমেইল একাউন্টে প্রবেশ করতে পারবেন। প্রযুক্তি বিশ্লেষকরা পাসওয়ার্ড বিহীন এই সার্ভিসটিকে 'ওয়ান স্টেপ অথেনটিকেশন' বা 'অন ডিমান্ড পাসওয়ার্ড' হিসেবে বলেছেন।
তবে এই সার্ভিসটি পেতে ব্যবহারকারীদের তাদের ইয়াহু একাউন্টে ঢুকে সেটিংসে সামান্য পরিবর্তন করতে হবে। সূত্র: দ্য ভার্জ
