অভিজিৎ হত্যা: আসছে আরো এক এফবিআই’র বিশেষজ্ঞ

আপডেট : ১৬ মার্চ ২০১৫, ২১:১৮
 
লেখক ও ব্লগার ড. অভিজিৎ রায় হত্যাকাণ্ডের ১৮ দিন পার হলেও এখন পর্যন্ত হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় নেই দৃশ্যমান কোনো অগ্রগতিও। তবে এ হত্যাকাণ্ড তদন্তে সহায়তার জন্য মার্কিন গোয়েন্দা সংস্থার (এফবিআই) একজন বিশেষজ্ঞ প্রতিনিধি বাংলাদেশে আসছেন বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
 
গত ১১ মার্চ বুধবার অভিজিৎ রায়ের হত্যাকান্ডে জব্দ করা বিভিন্ন ধরনের আলামত যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) চার সদস্যদের কাছে তুলে দেন গোয়েন্দারা।
 
অভিজিৎ হত্যাকাণ্ডে তদন্তের অগ্রগতি জানাতে গিয়ে ডিবি’র যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিজিৎ হত্যার তদন্তে এফবিআই একজন বিশেষজ্ঞ সরাসরি সাহায্য করার জন্য বাংলাদেশে আসবেন।  ইতোমধ্যেই সেখান থেকে রওনা হয়েছেন ঐ সদস্য। তিনি এলে তদন্ত ও গ্রেফতারের কাজটি আরও সহজ হবে।
 
অভিজিৎ যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার সেখানেও একটি মামলা হবে জানিয়ে তিনি বলেন, এফবিআই নিজেরাই তদন্ত করছে, পাশাপাশি ডিবি পুলিশকে সাহায্য করবে। ডিবি কিছু ক্ষেত্রে এফবিআইয়ের সহযোগিতা চেয়েছে, সে সহযোগিতাগুলো হাতে পেলে আসামি শনাক্ত করা অনেক সহজ হবে।
 
গত ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টায় বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন যুক্তরাষ্ট্রের নাগরিক লেখক ও ব্লগার অভিজিৎ রায়।