গুজব না রটলেই বরং খারাপ লাগে

আপডেট : ১৭ মার্চ ২০১৫, ০০:৩৩

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দশ দিন পর আবার প্রথমবারের মত প্রকাশ্যে দেখা গেছে। দশদিনের অনুপস্থিতিতে প্রেসিডেন্ট পুতিনের স্বাস্থ্য নিয়ে নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। প্রকাশ্যে এসে পুতিন গতকাল সোমবার কিরগিজ প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে বলেছেন, কোথাও কোন গুজব না থাকলে আমাদের বিরক্ত লাগে। খবর বিবিসি ও এনডিটিভি’র।

প্রেসিডেন্ট পুতিন এই দশদিনে তার বেশ কয়েকটি  অনুষ্ঠানও বাতিল করে দিয়েছিলেন। তার স্বাস্থ্য নিয়ে নানা ধরনের প্রশ্নের উত্তরে গতকাল সোমবার তিনি বলেন, গুজব ছাড়া জীবন নিরামিষ হয়ে যায়। তার অনুপস্থিতিতে অহেতুক জল্পনা হেসে উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। আকস্মিকভাবে উধাও হওয়া নিয়ে গত কয়েকদিনে ইন্টারনেটে ছিল নানা জল্পনায় মুখর। ইন্টারনেটে এমন একটি ছবি দ্রুত ছড়িয়েছিল যাতে দেখা যায়, প্রেসিডেন্ট পুতিন লোকচক্ষুর আড়ালে যেতে কাঠঠোকরার পিঠে চেপে উড়ে চলেছেন। সমপ্রতি কাঠঠোকরার পিঠে একজন বেজির উড়ে চলার ছবি খুবই জনপ্রিয় হয়েছিল। কারো কারো পোস্টিংয়ে ছিল এমন জল্পনা যে শক্তপোক্ত চেহারার পুতিন হয়তো অসুস্থ বা তার কোন স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে। এমনকি কয়েকদিন অতিবাহিত হওয়ার পর অনলাইনে তার গোপন শেষকৃত্যের ছবিও লোকে পোস্ট করতে শুরু করে। আরেকটি পোস্টিংয়ে বলা হয়, ব্যস্ত নেতা হয়তো বাক্সপেটরা বেঁধে বিশ্রামের জন্য গরম কোন দেশে চলে গেছেন। আসল কারণ যাই হোক না কেন-দশদিন পর গতকাল তার নিজ শহর সেন্ট পিটার্সবার্গের বাইরে কনস্ট্যানটির প্যালেসে কিরগিজ প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে তাকে আবার দেখা যায়।