১২ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছে পাকিস্তান। মঙ্গলবার সকালে পাক সরকার তাদের ফাঁসিতে ঝোলায়। খবর দ্য ডন'র।
তাদের মধ্যে করাচিতে দুজন, রাওয়ালপিন্ডিতে দুজন, মুলতান, ফয়সালাবাদ ও গুজরানওয়ালায় একজন করে, জাহাং জেলা কারাগারে তিনজন এবং মিয়ানওয়ালিতে দুজনকে ফাঁসি দেয়া হয়েছে।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, জঙ্গি ছাড়াও আরও বহু অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত তারা। খুন ও অনেকে আরও ঘৃণ্য অপরাধ করেছিল।
এদিকে, ১৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা থাকলেও শেষ মুহূর্তে একজনের ফাঁসির আদেশ স্থগিত করা হয়। মুলতান জেলে জাফর ইকবাল ও ওয়াকার নাজির নামের দুই কয়েদিকে ফাঁসিতে ঝুঁলানোর কথা ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে ওয়াকার নাজিরের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। আসামিপক্ষের সঙ্গে সমঝোতা হওয়ার কারণে তার ফাঁসি বাতিল করা হয়েছে বলে জানা গেছে।
