চাঁদাবাজ-টাউট বাটপাড়দের ছবি ছিঁড়ে ফেলুন: ওবায়দুল কাদের

আপডেট : ১৭ মার্চ ২০১৫, ১৮:৪৫
 
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে পোস্টার, ব্যানারে জাতির জনকের ছবির পাশে ‘চাঁদাবাজ-টাউট বাটপাড়’ কারোর ছবি থাকলে সেসব ব্যানার বা পোস্টার ছিঁড়ে ফেলুন। 
মঙ্গলবার শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ নির্দেশ দেন।
আমি সবচেয়ে বেশি ব্যথিত হই বঙ্গবন্ধুর ছবির পাশে চিহ্নিত চাঁদাবাজ-ধান্দাবাজ, টাউট-বাটপাড় লোকদের ছবি দেখলে। বঙ্গবন্ধুর ছবির পাশে এসব ভূমি দখলকারী ও লুটপাটের সাথে জড়িতদের ছবি দেখতে চাই না। আমি নেতাকর্মীদের বলব-এসব ছবি ছিঁড়ে ফেলুন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আমরা বঙ্গবন্ধুকে আমাদের জীবনে কতটা অনুসরণ করি, সেটা আজ বড় প্রশ্ন। এখানে কয়জন আমরা বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়েছি?
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এখন প্রতিহিংসার রাজনীতি চলছে। এ দেশের একটি দল জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মদিনে ছুটির দিনেও হরতাল-অবরোধ করছে। বঙ্গবন্ধুর শাহাদাৎ দিবসে কেক কেটে ভুয়া জন্মদিন পালন করে। এদেশের রাজনীতিতে বিভিন্ন দলের মধ্যে একটা ‘কর্মসম্পর্ক’ দরকার। 
“বঙ্গবন্ধুর দৌহিত্র আমাদের ‘ফিউচার লিডার’ সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। তাই এ বিষয়গুলো নতুন করে ভাবতে হচ্ছে। তাদের টার্গেট সরকার হটানো নয়, আন্দোলনের নামে নাশকতার নামে তাদের টার্গেট হচ্ছে বঙ্গবন্ধুর পরিবার ও মুক্তিযুদ্ধকে উচ্ছেদ করা।