দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ভানুয়াতুতে সাইক্লোন প্যামের ধ্বংসযজ্ঞ চালানোর পর এখন চলছে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকট। পানি সংকটের কারণে দেশটির প্রত্যন্ত দ্বীপগুলোতে থাকা লোকজন ক্ষতিকর লবণাক্ত পানি পান করতে বাধ্য হচ্ছে।
দেশটির মোসো দ্বীপের বাসিন্দারা বিবিসিকে জানিয়েছে, প্যাম আঘাত করার পর এখন পর্যন্ত সাহায্যের অপেক্ষায় আছেন লোকজন। বিশুদ্ধ পানির সাথে আশ্রয় ও খাবারেরও তীব্র সংকট চলছে।
দ্বীপরাষ্ট্রটিতে এখন দশ হাজার মানুষ খোলা আকাশের নিচে সাহায্যের আশায় দিন যাপন করছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। সাহায্য সংস্থাগুলো ত্রাণ কার্যক্রম শুরু করলেও সাইক্লোন পরবর্তী বন্যার কারণে প্রত্যন্ত দ্বীপগুলোতে ত্রাণবাহী বিমান নিয়ে নামতে পারছেন না। একজন পাইলট বিবিসিকে জানিয়েছেন, একসময় ছবির মত সুন্দর দ্বীপগুলোকে এখন দাবানল বিপর্যস্ত বলে মনে হচ্ছে।
প্যামের আঘাতে ভানুয়াতুতে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে জাতিসংঘ।
