ইরানের পরমাণু ইস্যুতে আগামী সপ্তাহে মার্কিন সিনেট প্যানেলে ভোটাভুটি হবে বলে গত সোমবার জানিয়েছেন প্যানেলের চেয়ারম্যান এবং রিপাবলিকান সিনেটর বব কোরকার। মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি এই ভোটের আয়োজন করবে। তবে আগেই এই বিলের ওপর ভেটো দেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর রয়টার্সের।
ভোটাভুটিতে রিপাবলিকানরা জয়ী হলে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করতে কংগ্রেসের অনুমোদন নিতে হবে প্রেসিডেন্ট ওবামার। কিন্তু কংগ্রেসের উভয় কক্ষে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ভোট প্রেসিডেন্ট ওবামার বিপক্ষে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। বারাক ওবামা আগেই হুমকি দিয়েছেন, তিনি এই বিলে ভেটো দেবেন। কারণ এটা প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করার চিন্তা। কোরকারের সহযোগী এবং ডেমোক্র্যাট সিনেটর রবার্ট ম্যান্ডেজ জানিয়েছেন, ভোটের তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি। সিনেটে যাওয়ার আগে এই বিল অবশ্যই পররাষ্ট্র বিষয়ক প্যানেলে পাস হতে হবে বলে জানান তিনি। সিনেটে মধ্য এপ্রিলের আগে ভোট না হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহই তাদের হাতে সময় আছে। এরপর কংগ্রেসম্যানদের দুই সপ্তাহের ছুটি রয়েছে। এই বিল সিনেটে অনুমোদন পেলেও তা স্বাক্ষরের জন্য ওবামার কাছে পাঠাতে হবে। প্রেসিডেন্ট ওবামা ইচ্ছা করলে স্বাক্ষর করতে পারেন, আবার ভেটোও দিতে পারেন। তবে প্রেসিডেন্টের ভেটোকে বাতিল করতে হলে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলের প্রতি দুই-তৃতীয়াংশ আইন প্রণেতার সমর্থন দরকার হবে। রিপাবলিকান সিনেটররা পররাষ্ট্র বিষয়ক কমিটিকে পাশ কাটিয়ে সরাসরি সিনেটে ভোটাভুটি করতে চাইলেও ডেমোক্র্যাটদের বাধার মুখে সেটা সম্ভব হয়নি।
