রাজীব হত্যা: ৮ আসামির বিচার শুরু

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ১৭:৪২
 
ব্লগার ও গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ আট আসামির বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমিন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২১ এপ্রিল দিন ধার্য করেছেন।
অন্য আসামিরা হলেন- মো. ফয়সাল বিন নাঈম দীপ, মো. এহসান রেজা রুম্মান , মাকসুদুল হাসান অনিক , নাঈম ইরাদ, নাফিজ ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ ও রেদোয়ানুল আজাদ রানা। এদের মধ্যে রানা পলাতক রয়েছেন।

বিচারক তাদের বিরুদ্ধে অভিযোগ পড়ে শুনিয়ে জানতে চান- তারা  দোষী না নির্দোষ। উপস্থিত সাত আসামির সবাই নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে সুবিচার চান।

২০১৩ সালে শাহবাগ আন্দোলন শুরুর দশম দিনে ১৫  ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে। ধর্মীয় উগ্রবাদীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের তদন্তে উঠে আসে। তদন্ত  শেষে গত বছরের ২৮ জানুয়ারি আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন গোয়েন্দা পুলিশের (ডিবি)  পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ।  অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয় ৫৫ জনকে। পেশায় স্থপতি রাজীব ব্লগ লিখতেন থাবা বাবা নামে,  যেখানে ধর্মান্ধতা ও যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতাকারীদের বিপক্ষে লিখতেন তিনি।