মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে সুবহানের আপিল

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ১৩:২৭
 
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোহাম্মদ আবদুস সুবহান। বুধবার দুপুর ১২টার দিকে সুবহানের আইনজীবী শিশির মনির সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন করেন।
গত ১৮ ফেব্রুয়ারি আবদুস সুবহানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল-২। তার বিরুদ্ধে আনীত নয়টি অভিযোগের মধ্যে ছয়টি প্রমাণিত হয়েছে।
২০১২ সালের ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সুবহানকে আটক করে। ২৩ সেপ্টেম্বর তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয়। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর সুবহানের বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। গত বছরের ৪ ডিসেম্বর এই মামলায় দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় অপেক্ষমাণ রাখা হয়। পরে গত ১৮ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হয়।