সারভ্যানটেস’র দেহাবশেষ খুঁজে পাওয়ার দাবি

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ১৪:০২
 
স্পেনের নন্দিত লেখক, ডন কিহোতে নামে বিখ্যাত চরিত্রের স্রষ্টা মিগুয়েল দে সারভ্যানটেস’র কবর খুঁজে পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। তার মৃত্যুর ৪০০ বছর পর মাদ্রিদের এক কনভেন্টে কবর থেকে তার দেহাবশেষ পাওয়া গেছে। খবর: বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সারভ্যানটেস মারা গিয়েছলেন ১৬১৬ সালে এবং তাকে কবর দেয়া হয়েছিল একটি কনভেন্ট স্কুলে-এটাই এতদিন সবার জানা ছিল। কিন্তু সেখানে একটি গির্জার পুনর্নির্মাণকাজের সময় তার কফিনটি আরেকটি ভবনে সরিয়ে ফেলা হয় এবং তারপর তা হারিয়ে যায়।
গত কয়েক শতাব্দীতেও আর জানা যায় নি যে কফিনটির ভাগ্যে এরপর কি হয়েছিল।
 
IMG0
 
ফরেনসিক বিজ্ঞানীরা বলছেন, জায়গাটিতে খননকাজ চালিয়ে তারা যা তথ্য পাচ্ছেন তাতে মনে হচ্ছে যে আরো কয়েকটি মৃতদেহের সাথে সারভ্যানটেসেরও কিছু হাড় পেয়েছেন তারা। সেখানে একটি কফিন পাওয়া গেছে, যার ওপর মিগুয়েল সারভ্যানটেসের আদ্যক্ষর 'এম সি' লেখা ছিল।
এখানে সারভ্যানটেসের সাথে তার স্ত্রী এবং অন্যান্যদের দেহাবশেষও আছে বলে বলছেন তারা। বিজ্ঞানীরা বলছেন, ডিএনএর এবং অন্যান্য পরীক্ষা করে তারা সারভ্যানটেসের হাড়গুলো আলাদা করার চেষ্টা করবেন। তবে তা সহজ হবে না এমন কথাও বলা হচ্ছে।
সনাক্ত করার পর সারভ্যানটেসকে একই জায়গায় পূর্ণ সম্মানের সাথে আবার সমাহিত করা হবে বলে বলছেন বিজ্ঞানীরা।

সারভ্যানটেসের জন্ম ১৫৪৭ সালে। ১৬০৫ এবং ১৬২৫ সালে দুই পর্বে প্রকাশিত তার ‘The Ingenious Gentleman Don Quixote of La Mancha’ উপন্যাসটি পৃথিবীর সর্বাধিক পঠিত বইগুলোর একটি বলে মানা হয়।