হোয়াইট হাউজে পাঠানো একটি চিঠিতে বিষাক্ত সায়ানাইডের উপস্থিতির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। তবে চিঠিটি প্রেসিডেন্ট ওবামাকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছিল কি না সে সম্পর্কে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
সোমবার হোয়াইট হাউজে পৌঁছানো চিঠিটি ক্ষতিকর জৈব পদার্থ উপস্থিতির পরীক্ষায় উতরে গেলেও, বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকতে পারে সন্দেহে চিঠিটি আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়। এই পরীক্ষার চিঠিটিতে সায়ানাইডের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়।
‘সায়ানাইড চিঠি’ নিয়ে একটি তদন্ত চলছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস। গত সোমবার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাগুলোতে নেতিবাচক ফলাফল আসলেও মঙ্গলবার আরো কিছু পরীক্ষায় সায়ানাইডের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়।
এর আগে মঙ্গলবার সাম্প্রতিক বেশ কয়েকটি নিরাপত্তা-ত্রুটি নিয়ে সিক্রেট সার্ভিসের পরিচালক জোসেফ ক্ল্যান্সিকে জিজ্ঞাসাবাদ করেন মার্কিন কংগ্রেসের একটি কমিটি।
এদিকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তা সিএনএনকে বলেন, স্ক্রিনিং এর সঙ্গে যুক্ত যিনি প্রথম ওই চিঠিটি খুলেছিলেন তিনি আহত অথবা তার খারাপ কিছু হয়নি। উল্লেখ্য, ‘সায়ানাইড চিঠির’ এই খবর প্রথম উদঘাটন করে দ্যা ইন্টারসেপ্ট নামে একটি সংবাদমাধ্যম। সূত্র: নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স, বিবিসি
