আন্দোলনকে স্তব্ধ করার অপচেষ্টা করছে সরকার: বিএনপি

আপডেট : ১৮ মার্চ ২০১৫, ১৮:১৭
 
 
 বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেছেন, বিরোধী মতাদশের্র নেতা-কর্মীদের খুন, গুম এবং মিথ্যা মামলায়  গ্রেফতার ও হয়রানি করে সরকার চলমান আন্দোলনকে স্তব্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা সফল হবে না।। বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
 
 
 
তিনি অভিযোগ করেন, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সাইফুল ইসলাম হিরু, ঢাকার নির্বাচিত কাউন্সিলর  চৌধুরী আলম ও লাকসামের বিএনপি নেতা পারভেজের মতো অনেক  নেতা-কর্মীকে গুম করা হয়েছে। এবার বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদকেও বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে  গ্রেফতারের কথা অস্বীকার করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
 
বিএনপি  নেতা-কর্মীদের নির্যাতন করা হচ্ছে অভিযোগ করে বুলু আরও বলেন, সরকার গাজীপুর, সিলেট ও রাজশাহীসহ বিভিন্ন সিটি করপোরেশন/ পৌরসভার নির্বাচিত  মেয়র এবং উপজেলা চেয়ারম্যানদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। তাদের গ্রেফতার করে রিমান্ডের নামে শারিরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। ‘অনেকেই নির্যাতনের ভয়ে আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন।
 
বিএনপির যুগ্ম মহাসচিব বুলু বলেন,  সরকার চলমান আন্দোলনকে স্তব্ধ করার যে অপচেষ্টা চালাচ্ছে —তা সফল হবার নয়।
চলমান শান্তিপূর্ণ আন্দোলনকে আরো বেগবান করার জন্য আমরা ২০ দলীয় জোটের নেতা-কর্মী এবং দেশের সকল গণতন্ত্রকামী ব্যক্তি, সংগঠন ও দলের প্রতি আহ্বান জানান বরকত উল্লাহ বুলু।