রাজধানীর শ্যামপুরে রানী স্টিল মিলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে দগ্ধ চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার হাসপাতালে গিয়ে দেখা গেছে দুইজনের ৭৫/৮৫ শতাংশ শরীর পুড়ে গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত আড়াইটায় ঢাকা ম্যাচ ফ্যাক্টরী এলাকায় রানী স্টিল মিল নামে একটি কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে জাবিদুল ইসলাম (৪৫), ইনামুল হক (৩৫), সাইফুল ইসলাম (৩৫) ও কামরুল ইসলাম (৪০) নামে চারজন দগ্ধ হন। দগ্ধরা সবাই ঐ কারখানার শ্রমিক। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিকরা জানান, মঙ্গলবার রাতে ঐ কারখানায় কাজ করছিলেন। রাতে হঠাৎ কারখানার গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়।
ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটের আবাসিক চিকিত্সক পার্থ শংকর পাল জানান, দগ্ধ জাবিদুল ইসলামের শরীরের ৮৫ শতাংশ এবং ইনামুলের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। সাইফুলের ১৫ শতাংশ ও কামরুল হাসানের ১০ শতাংশ পুড়ে গেছে। তারা আশঙ্কামুক্ত বলে তিনি জানান।
