তিউনিসিয়ার রাজধানী তিউনিসের একটি জাদুঘরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১৭ জন বিদেশি পর্যটকসহ ১৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ব্রিটেন, ইটালি, ফ্রান্স ও স্পেনের নাগরিক রয়েছেন। দেশটির রাজধানীর কেন্দ্রস্থলে পার্লামেন্ট ভবনের ঠিক পাশেই বার্ডো জাদুঘরে এই বন্দুক হামলা চালানো হয়। পার্লামেন্টে সন্ত্রাসবিরোধী আইন নিয়ে আলোচনা চলার সময় এই হামলার ঘটনা ঘটে। এর পরই খালি করে দেয়া হয় পার্লামেন্ট ভবন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আলি আরোই জাদুঘরে হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর বিবিসি ও আল জাজিরার।
তিনি আরো বলেন, দুই বা তার অধিক বন্দুকধারী কালাশনিকভ রাইফেল নিয়ে হামলা চালায়'। জাদুঘরটি খালি করার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখানে প্রবেশ করেছে।
তবে বিবিসি তাদের খবরে আট জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। আর আলজাজিরা দেশটির প্রধানমন্ত্রী হাবিব এসিদের বরাত দিয়ে জানাচ্ছে, জিম্মিকারীরা সেনাবাহিনীর পোশাক পরে জাদুঘরটিতে প্রবেশক করেছিল। এর পরই নিরাপত্তা বাহিনী জাদুঘরটিতে জিম্মি উদ্ধারে অভিযান চালায়। এ সময় ১৭ জন বিদেশি পর্যটক ও দুই হামলাকারী নিহত হয়।
ফ্রান্সের প্রধানমন্ত্রী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ফ্রান্স তিউনিসের পরিস্থিতির ওপর নজর রাখছে।
IMG0
একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে দেয়া সাক্ষাতকারে বলেছে, হামলার পর অন্তত পাঁচ শ' মানুষ জাদুঘরের সামনে জড়ো হয়েছে এবং আরো মানুষ সেখানে যাচ্ছেন। এলাকাটির ওপর হেলিকপ্টার চক্কর দিচ্ছে এবং ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
