রাজধানীর লালবাগের একটি বাসা থেকে মঙ্গলবার রাতে ৭৪টি হাতবোমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসার দারোয়ানসহ দুজনকে আটক করেছে পুলিশ।
মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘নাশকতার জন্যই ওই বাসায় বোমা বানানো হচ্ছিল। বাসা থেকে যেসব বিস্ফোরক উদ্ধার করা হয়েছে তা দিয়ে প্রায় ১৫ শ বোমা তৈরি করা সম্ভব।’
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘লালবাগের জে এন সাহা সড়কের সাত তলা ভবনের তালা বন্ধ ওই ফ্ল্যাটের মালিক যুবদল নেতা নেওয়াজ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে র্যাব ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। এ সময় তালাবন্ধ ওই ফ্যাট থেকে ৭৪টি তাজা বোমা ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়। যুবদল নেতা নেওয়াজকে না পাওয়া গেলেও জিজ্ঞাসবাদের জন্য দারোয়ান আনিস ও ইলেট্রিশিয়ান বাদশাকে আটক করা হয়েছে।
অভিযানে অংশ নেয়া র্যাব-১০-এর অপারেশন অফিসার এএসপি খায়রুল আলম জানান—উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে রয়েছে ২ কেজি পটাশিয়াম, বিপুল পরিমাণ স্পিন্টার ও বোমা তৈরির সরঞ্জামাদি।
৩ নেতার মাজার থেকে ১৮ হাতবোমা উদ্ধার:
এ দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন নেতার মাজার এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে র্যাব পরিত্যক্ত অবস্থায় ১৮টি হাতবোমা উদ্ধার করেছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
গত ৫ জানুয়ারি থেকে বিএনপি-জামায়াত জোটের অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হাতবোমার বিষ্ফোরণ ঘটানো হচ্ছে। তবে কিছু দিন ধরে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা কমলেও হাতবোমা বিস্ফোরণের ঘটনা এখনও চলছে। পেট্রোল বোমাসহ নাশকতার ঘটনায় গত ৭৪ দিনে সারাদেশে ১১২ জন মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়ে অনেকে ভর্তি রয়েছেন হাসপাতালে।
