অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, হরতাল-অবরোধের নামে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যা করছেন, তা ননসেন্স। এই অবরোধ-হরতালের কোনো কার্যকারিতা নেই। মানুষ এসব আর মাথায় নেয় না। গতকাল হেয়ার রোডস্থ অর্থমন্ত্রীর সরকারি বাসভবনে ঢাকা সফররত ডেনমার্কের বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী মোগেন্স জেনসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, এটা নিয়ে কথা হয়েছে। তারা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। আমিও আমাদের কথা তাকে বলেছি। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ডেনমার্ক বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহায়তা দিয়ে আসছে। তারা তাদের সাহায্য নীতিকে আরো আধুনিকায়ন করেছে। এর আওতায় আগামী ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ৫ বছরে বাংলাদেশকে ৬০০ কোটি টাকা আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডেনমার্ক সরকার।
