চাঁদপুরে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোলবোমায় দগ্ধ হয়ে মো. জাহাঙ্গীরের (৪০) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত তিনজন। বুধবার গভীর রাতে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা ও রঘুনাথপুরে দুটি ট্রাকে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ট্রাক চালক মো. জাহাঙ্গীরের বাড়ি যশোর জেলায় ঝিকরগাছা এলাকায়।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে যশোরে ফিরছিল মালবাহি ট্রাকটি। এটি চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তা এলাকা অতিক্রমকালে দুর্বৃত্তরা ট্রাকটি লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে ট্রাক চালক জাহাঙ্গীরের মৃত্যু হয় এবং তিনজন দগ্ধ হন। এব্যাপারে চাঁদপুর থানা পুলিশ দুই জনকে আটক করেছে। এরা হচ্ছে সাব্বির ও লিন্টু। পুলিশ সুপার মোঃ আমির জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
