বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দিয়েছেন তার স্ত্রী হাসিনা আহমেদ। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতও চেয়েছেন তিনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দিনি এই স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর সাক্ষাত্ চেয়ে সালাহ উদ্দিনের স্ত্রী বলেন, ‘আশা করি, শত ব্যস্ততার মধ্যে মহানুভবতার সাথে আমাকে সাক্ষাতের জন্য আপনার মূল্যবান সময় প্রদান করে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করবেন।’
স্মারকলিপিতে তিনি বলেছেন, ‘আপনার কাছে আকুল আবেদন- আমার পরিবার, আমার সন্তানদের কথা বিবেচনা করে প্রজাতন্ত্রের নাগরিক হিসেবে আমাদের আইনি ও সংবিধানিক অধিকার রক্ষার নিমিত্তে ও সর্বোপরি মানবিক কারণে আমার স্বামীকে খুঁজে বের করার জন্য আপনার সদয় হস্তক্ষেপ ও বিশেষ নির্দেশনা ও সহায়তা প্রার্থনা করছি।’
তিনি বলেন, ‘আমার স্বামী যদি কোনো অপরাধ করে থাকেন অথবা তার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, তাহলে তাকে অবিলম্বে আদালতের সোপর্দ করে আইনি প্রক্রিয়ায় যথাযথ বিচার কার্যক্রম গ্রহণ করা হোক।’
সালাহ উদ্দিনের স্ত্রীর অভিযোগ, ১০ মার্চ রাত নয়টা থেকে ১০টার মধ্যে উত্তরা-৩ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যান।
