আম্পায়ারের এ কেমন সিদ্ধান্ত!

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ১৯:৪১
 
প্রথম প্রশ্ন উঠেছিল ৩৪তম ওভারের দ্বিতীয় বলে। তিন উইকেটের পতনে বেশ চাপে পড়ার পর রানের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ভারতের ব্যাটসম্যানরা। এসময় রায়নার বিপক্ষে মাশরাফির এলবিডব্লিউ’র আবেদন। কিন্তু অ্যাম্পায়ার ইয়ান গৌল্ড সাড়া দিলেন না। মাশরাফির রিভিউ আবেদনে দেখা যায়, বলের প্রায় অর্ধেকই ছিল লেগ স্ট্যাম্পের মাঝামাঝি। কিন্তু এতেও কাজ হয়নি, কেননা, বল থাকতে হবে পুরোপুরি লেগ স্ট্যাম্পের ভেতরে।
 
রোহিত শর্মার বিষয়ে সিদ্ধান্তটা হয়ত ঠিক থাকলেও পরের সিদ্ধান্তটি অ্যাম্পায়ার আলিমদারের সমালোচনার সৃষ্টি করেছে। রোহিত শর্মার ব্যক্তিগত ৯০ রানের মাথায় রুবেলের আঘাত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারত। রুবেলের বলে রোহিতের ব্যাটে মিডউইকেটে ক্যাচ ধরেছিলেন ইমরুল কায়েস। সবার চোখে আউট হলেও লেগ আম্পায়ার আলিমদার গোল্ডকে ‘নো’ বলের সঙ্কেত পাঠান। 
 
গোল্ড বলটিকে ‘নো’ বল  বলে বসলেন। বলটি নাকি কোমরের ওপরে ছিল! রিপ্লেতে দেখা গেল, প্রকৃতপক্ষে রোহিত কিছুটা ঝুঁকে খেলছিলেন। এটি আউট না হওয়ায় বিস্ময় প্রকাশ করা হয়েছে বিবিসির স্পোর্ট লাইভে।
 
আম্পায়ারের এই সিদ্ধান্তে হতবাক হয়েছেন ভাষ্যকার শেন ওয়ার্নও। তিনি তো বলেই বসলেন, ‘নো বল দেয়ার মতো উঁচুতে ছিল না বলটি। এই খুবই বাজে সিদ্ধান্ত।’ 
শেষ পর্যন্ত অবশ্য সাজঘরে ফেরেন রোহিত শর্মা। কিন্তু ততক্ষণে তার ব্যক্তিগত রান ১৩৭। তাসকিনের বলে বোল্ড হন তিনি। ব্যাটিং করার সময়ে আম্পায়ারের বাজে সিদ্ধান্তের শিকার হন মাহমুদুল্লাহ রিয়াদ। সবার চোখে ছক্কা হলেও আম্পায়ারের চোখে তিনি ক্যাচ হয়েছেন। আর এমন সব বাজে সিদ্ধান্তে ১০৯ রানের পরাজয় মানতে হয়েছে টাইগারদের।