সালাহ উদ্দিন আত্মগোপনে আছেন: হাছান মাহমুদ

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ১৪:৪৭
 
আওয়ামী লীগের প্রচার সমপাদক ড.হাছান মাহমুদ বলেছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের খোঁজ আগে থেকেই পাওয়া যাচ্ছিল না। তিনি আগেও আত্মগোপনে ছিলেন, এখনও আত্মগোপনে আছেন। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক মানববন্ধন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতারাও জানতেন না তিনি (সালাহউদ্দিন আহমেদ) কোন জায়গা থেকে কর্মসূচি ঘোষণা করছিলেন। বিএনপির পক্ষ থেকে সালাহউদ্দিন আহমেদ এখন আর বিবৃতি পাঠাচ্ছেন না বলে বিএনপি এখন নতুন নাটক সাজিয়েছে। 
তিনি বলেন, সালাহউদ্দিন আহমেদের পরিবর্তে এখন ২০ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা করছেন বরকতউল্ল্যাহ বুলু। আগামীতে তিনিও যদি বিবৃতি পাঠানো বন্ধ করে দেন তখনও বিএনপি একই ধরণের নাটক মঞ্চস্থ করবে। বিএনপির নেতাকর্মীরা এখন আত্মগোপনে আছেন। যারা আত্মগোপনে আছেন তাদের খুঁজে বের করা সরকারের দায়িত্ব হতে পারে না। এই দায়িত্ব বিএনপি নেত্রী খালেদা জিয়ার।
‘ক্ষমতায় গেলে সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেলা হবে’-খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া তার কৃতকর্মের জন্যই দেশের জনগণের দ্বারা প্রত্যাখিত হয়ে রাজনীতির ডাস্টবিনে পতিত হয়েছেন। বেগম জিয়ার প্রতি অনুরোধ রইলো আপনি আন্দোলনের নাম দিয়ে মানুষ হত্যার রাজনীতির পথ পরিহার করুন, জনগণের কাছে ক্ষমা চান তাহলে হয়তো আপনি এই ডাস্টবিন থেকে উঠে আসতে পারবেন।
যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ এবং তার পরিবারের সদসদের অপহরণ এবং হামলা প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, সজীব ওয়াজেদ জয়ের ওপর হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রে বিএনপির তিন নেতাসমর্থক অভিযুক্ত থাকায় তাদের কারাদণ্ড দিয়েছে সেখানকার আদালত। আর এ হামলায় বিএনপির এক কেন্দ্রীয় নেতা অর্থ দিয়ে সহযোগিতা করেছে।  সময়  মতো সরকার তার নাম প্রকাশ করবে। এছাড়াও এ ঘটনায় খালেদা ও তারেকেরও মদদ রয়েছে। বিএনপি এখন শুধু দেশেই নয় বিদেশেও ষড়যন্ত্র করছে।