আঞ্চলিক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার কারণে গত চার বছর উভয় দেশের মধ্যে আলোচনা বন্ধ থাকার পর চীন ও জাপান বৃহস্পতিবার নিরাপত্তা বিষয়ক বৈঠকে মিলিত হয়েছে। সর্বশেষ ২০১১ সালে উভয় দেশের মধ্যে নিরাপত্তা বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হয়।
কর্মকর্তা ও সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, টোকিওর পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বীপপুঞ্জ নিয়ে উভয় দেশের বিরোধই মূল বিষয়। বৈঠকে জাপানের উপ-পররাষ্ট্রমন্ত্রী শিংসুকে সুগিয়ামা এবং চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিউ জিয়ানচাওসহ দু’দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন।
পূর্ব চীন সাগরের যে দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে চীন ও জাপান উভয় দেশে বিরোধ চলছে তা টোকিওতে সেনকাকু ও বেইজিংয়ে দাইয়ুস নামে পরিচিত।
জাপান ২০১২ সালে দ্বীপপুঞ্জের কিছু অংশের জাতীয়করণের ঘোষণা দিয়ে চীনকে তীব্রভাবে ক্ষুব্ধ করে তোলে। এরপর থেকে চীন জাপানের সঙ্গে যে কোন উচ্চ পর্যায়ের বৈঠক এড়িয়ে চলছিল।
কিন্তু নভেম্বরে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক ফোরামের বৈঠকের ফাঁকে জাপানের প্রধানমন্ত্রী শিনজে আবে ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং হাত মেলালে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করে।
জাপানের প্রধান কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা সাংবাদিকদের বলেন, দু’দেশের নিরাপত্তা বিষয়ে পারস্পরিক বিশ্বাসের উন্নয়ন ঘটানোই এ বৈঠকের লক্ষ্য। সূত্র: এএফপি।
