পুঁজিবাজারের লেনদেন দুইশ কোটি টাকারও নিচে

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ২০:২২
 
 
পুঁজিবাজারের লেনদেন দুইশ’ কোটি টাকারও নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ১৬৬ কোটি টাকা।
 
আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩১৩ কোটি টাকা। অর্থাত্ একদিনের ব্যবধানে বাজারে লেনদেন কমেছে ১৩৫ কোটি টাকা বা ৪৩ শতাংশ। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল লেনদেন হয়েছে ১৪ কোটি টাকা। অর্থাৎ উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছে ১৮০ কোটি টাকা। যা চলতি বছরের মধ্যে সর্বনিম্ন।
 
এদিকে ডিএসইতে দর হারানো শীর্ষ ১০ কোম্পানির মধ্যে চারটিই ছিল ইন্স্যুরেন্স কোম্পানি। এ কোম্পানিগুলো হলো- ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, নিটোল ইন্স্যুরেন্স কোম্পানি, ইস্টার্ন ইন্স্যুরেন্স এবং পিপলস ইন্স্যুরেন্স।
 
তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ২৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ মূল্য সূচক ১১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৬৬ কোটি ৬১ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১৩৫ কোটি ২৭ লাখ টাকা কম।
 
লেনদেনকৃত ৩০৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ারের।
 
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৯৮ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৪ কোটি ৯৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৮ লাখ টাকা কম। লেনদেনকৃত ২১৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের।
ডিএসই সূত্রে জানা গেছে, সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট ১০০ কোটি টাকা মূলধন বাড়াবে।
 
এতে কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে বেড়ে ৩০০ কোটি হবে। সম্প্রতি কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কোম্পানির শেয়ারহোল্ডাররা মূলধন বাড়ানোর বিষয়ে সম্মতি দিয়েছে।