পোশাকের দর বাড়ান : ডেনমার্ককে বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ১৯:০৭
 
তৈরি পোশাকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পোশাকের দাম বাড়াতে সফররত ডেনমার্কের মন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে গার্মেন্টস খাত নিয়ে আয়োজিত এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
 
তিনি বলেন, রানা প্লাজার দুর্ঘটনার পর এ খাতের কর্মপরিবেশ উন্নয়নে উদ্যোক্তাদের প্রচুর অর্থ খরচ করতে হচ্ছে। কিন্তু তৈরি পোশাকের ন্যায্য দাম পাচ্ছে না। পোশাকের দাম বাড়ানোর বিষয়টি ডেনমার্ককে বিবেচনা করার জন্য দেশটির বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী মগেন্স জেন্সেনকে অনুরোধ করেন।
 
এ সময় উদ্যোক্তা ও শ্রমিক নেতাদের প্রতিনিধিরাও পোশাকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে ব্র্যান্ডগুলোকে আহ্বান জানান।
 
‘বাংলাদেশ - ফ্রেমিং দ্য ফিউচার : এ হাই লেভেল কনফারেন্স অন আরএমজি অ্যান্ড বেয়ন্ড’ শীর্ষক ও সম্মেলনের আয়োজন করে বাংলাদেশস্থ ডেনমার্ক দূতাবাস।
 
 সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শ্রমিক অধিকার রক্ষা ও কারখানায় কর্মপরিবেশ নিশ্চিত করতে সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
 
অনুষ্ঠানে ডেনিশ বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা মন্ত্রী মগেন্স জেন্সেন রানা প্লাজা পরবর্তী গার্মেন্টস খাতের কর্মপরিবেশ (কমপ্লায়েন্স) উন্নয়নের প্রশংসা করেন। তবে তিনি বলেন, এ প্রক্রিয়াকে টেকসই করতে হবে। গার্মেন্টস খাতের বাইরে চামড়া শিল্প, জাহাজভাঙ্গা শিল্পসহ অন্যান্য খাতেও এ ধরণের যৌথ প্রচেষ্টা চালু করা এবং গার্মেন্টস খাতের জন্য সামাজিক সংলাপ চালু করতে হবে। এক্ষেত্রে ডেনমার্কের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
খ্যাতনামা ব্র্যান্ড এইচ এন্ড এম এর বাংলাদেশ প্রতিনিধি রজার হুবার্ট গার্মেন্টস খাতে বাংলাদেশের সম্ভাবনা তুলে ধরে বলেন, অনেকেই আমাদের প্রশ্ন করেন - এইচ এন্ড এম ঘুরেফিরে বাংলাদেশেই কেন যাচ্ছে। আমরা তাদের বলি, টেক্সটাইল খাতে কাজ করতে হলে বাংলাদেশের সাথেই কাজ করা উচিত। কারণ এখানে সব আছে। কেবল কম দাম নয়, বাংলাদেশ টেকসই উন্নয়নের জন্য কাজ করছে। এ গতি ধরে রাখতে হবে।
এ সময় বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম গার্মেন্টস খাতের সংস্কার কার্যক্রমে অর্থায়নের জন্য বিদেশি ব্র্যান্ডদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের প্রতি আহ্বান জানান। এ সময় কিছু ক্ষেত্রে পোশাকের দাম কমানো হচ্ছে উল্লেখ করে তিনি ন্যায্য মূল্য দেয়ার আহ্বান জানান।
সম্মেলনে বক্তব্য রাখেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস রেড্ডি, ইউরোপের ক্রেতাদের উদ্যোগে গঠিত কারখানা পরিদর্শন জোট অ্যাকর্ডের প্রধান নিরাপত্তা পরিদর্শক ব্র্যাড লোয়েন প্রমুখ।