রাজধানীতে র্যাব তিনটি আগ্নেয়াস্ত্র, তিন মণ গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে র্যাব-২ এর তিনটি টিম পৃথক অভিযান চালিয়ে এ গাঁজা ও অস্ত্র উদ্ধার করে।
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার মারুফ হাসান জানান, বুধবার রাত দশটার দিকে পশ্চিম আগারগাঁও মিজান রোডস্থ ১৪৭/৫ নম্বর বাসার সামনে থেকে গ্রেফতার করা হয় অস্ত্র ব্যবসায়ী মো. সোহাগকে (১৯)। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি পিস্তল ও একটি ম্যাগাজিন।
একই দিন রাতে র্যাবের অপর একটি টিম আগারগাঁও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিংয়ের পেছনের বাউন্ডারি ঘেরা দেয়ালের পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে একটি রিভলবার ও একটি রিভলবার।
এছাড়া বৃহস্পতিবার সকালে পশ্চিম শেওড়াপাড়া ইকবাল রোডস্থ জনৈক হাজী মো.শফিকুল আলমের মালিকানাধীন ৩৮২ নম্বর বাসার একটি রুম থেকে উদ্ধার করা হয় ১২৪ কেজি গাঁজা।
জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় ব্যবসায়ি রিপন মিয়া ও জেনমিন আক্তার নামে দুই মাদক ব্যবসায়িকে।
