মত প্রকাশের অধিকার নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

আপডেট : ১৯ মার্চ ২০১৫, ১৯:৪৮
 
বাংলাদেশে মত প্রকাশ ও সভা-সমাবেশের অধিকার নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। একইসঙ্গে বাংলাদেশ বিষয়ে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।
 
বুধবার জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক এ কথা বলেন।
 
অতি সম্প্রতি বাংলাদেশের সাবেক এক প্রতিমন্ত্রী ও বিএনপি মুখপাত্রের (সালাহউদ্দিন আহমেদ) নিখোঁজ হওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ফারহান হক বলেন, সাম্প্রতিক দিনগুলাতে বিষয়টি নিয়ে কয়েকবার আলোচনা করেছি আমরা।
 
বাংলাদেশ ইস্যুতে জাতিসংঘের উদ্বেগ ও প্রচেষ্টার ব্যাপারে আমি ও স্টিফেন (মুখপাত্র স্টিফেন ডুজাররিক) আগেও বলেছি। সব পক্ষের সংলাপে অংশ নেয়া প্রয়োজন।
 
তিনি বলেন, একইসঙ্গে কর্তৃপক্ষকে মতপ্রকাশের স্বাধীনতা, সভা-সমাবেশ করার অধিকার এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের সুযোগ করে দেয়ার বিষয়ে আমরা বলেছি। এ বিষয়গুলোতে আমরা চাপ অব্যাহত রেখেছি। অবশ্যই এ বিষয়গুলো লঙ্ঘনের ব্যাপারে আমরা উদ্বিগ্ন থাকবো।