ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদ লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়। হামলা থেকে বাঁচতে প্রেসিডেন্ট তার এডেনের প্রাসাদ থেকে অন্যত্র কোথাও সরে গেছেন বলে জানিয়েছে ইয়েমেনের সরকারী সূত্রগুলো। তবে দাবি করা হয়েছে প্রেসিডেন্ট রাব্বু মানসুর হাদি এখনো দেশেই আছেন। খবর- আল জাজিরার।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ইয়েমেনের বন্দর শহর এডেনের দক্ষিণাঞ্চলে অবস্থিত প্রেসিডেন্টের প্রাসাদে দুইটি যুদ্ধ বিমান হামলা চালায়। এসময় বিমানগুলো থেকে গোলা ও মিসাইল ছোঁড়া হয়। হামলা থেকে রক্ষা পেতে প্রেসিডেন্টকে প্রাসাদ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, হামলাকারী বিমানগুলো লক্ষ্য করে বিমান বিধ্বংসী গোলা নিক্ষেপ করা হয়। এসময় এলাকাটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। তবে হামলার সময় প্রেসিডেন্ট তার প্রাসাদে ছিলেন কি না তা অপর কোন সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
প্রেসিডেন্টের অনুগত বাহিনী এডেন আন্তর্জাতিক বিমানবন্দর দখল করে নেয়ার পর এই হামলার ঘটনা ঘটল। স্পেশাল ফোর্সের একটি ইউনিটের সাথে প্রেসিডেন্টের অনুগত বাহিনীর ওই সংঘর্ষে চার জন নিহত হয়েছিলেন। দেশটির সাবেক সৈর শাসক আলি আব্দুল্লাহ সালেহ এর পতনের পর থেকে অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে দেশটি। সাবেক প্রেসিডেন্ট সালেহ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার অনুগত বাহিনীগুলোর সাথে প্রায়ই সংঘর্ষে জড়াচ্ছে মানসুর হাদির অনুগত বাহিনী।
