শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত জোট এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে হরতাল-অবরোধ দিয়ে শিক্ষার্থীদের মেধাবিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিএনপি জোট পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছে। যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত তাদের জাতি ক্ষমা করবে না। সরকার জঙ্গিবাদ দমনে প্রয়োজনে আরো কঠোর হবে।
শুক্রবার ঝালকাঠি সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
আমু বলেন, যারা যাত্রীবাহী গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে, তাদের সাথে কোন আলোচনায় বসা যায় কীনা, জনগণের বিবেকের কাছে সে প্রশ্ন থাকল।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার যে শিক্ষানীতি প্রণয়ন করেছে, তার সুফল এখন সারা দেশের মানুষ ভোগ করছে। সরকার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করেছে, যাতে কোন শিক্ষার্থী মাঝখানে ঝরে না পড়ে। সুশিক্ষা গ্রহণ করে বর্তমান প্রজন্মই একদিন দেশের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণ ও দেশের নেতৃত্ব দেবে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল কুমার চক্রবর্তী প্রমুখ।
