ঢাকায় ‘গ্লোবাল কটন সামিট’ শুরু

পোশাক রপ্তনি ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ

আপডেট : ২০ মার্চ ২০১৫, ১৯:২০
 
২০২১ সালে পোশাক খাতের রপ্তনি আয় ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ। এজন্য বর্তমান উত্পাদন ক্ষমতা দ্বিগুণ করতে হবে বলে জানালেন উদ্যোক্তারা। তারা জানালেন বিগত দশ বছরে দেশে তুলার চাহিদাও দ্বিগুণ হয়েছে, বেড়েছে বস্ত্র উত্পাদন। এর পরেও আন্তর্জাতিক বাজারে হটাৎ তুলার দাম হ্রাস-বৃদ্ধিকে ঝুঁকি হিসেবে উল্লেখ করেন তারা।
 
শুক্রবার রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী ‘গ্লোবাল কটন সামিট বাংলাদেশ-২০১৫’ এ কথা বলেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশন (বিসিএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিমএ) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক। বক্তব্য রাখেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ, বিটিএমএ সভাপতি তপন চৌধুরী, বিসিএ প্রেসিডেন্ট মুহাম্মদ আইয়ুব।
 
অনুষ্ঠানে বক্তরা বলেন, গত বছর ২০১৪ সালে দেশে ৫৫ লাখ বেল তুলা আমদানি হয়েছে যা ২০০৫ সালে ছিলো ৩০ লাখ বেল। আন্তর্জাতিক বাজারে বর্তমানে তুলার দাম কম থাকলেও মাঝে মাঝে এর মূল্য অনেক বেশি উঠা-নামা করে। সেইসাথে কিছু দেশ তুলা রফানিতে বিধি-নিষেধ আরোপ করে থাকে। একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিবহন খরচ হ্রাস করা, অবকাঠামোর উন্নয়নে তাগিদ দেন তারা।
 
বস্ত্র ও পাট মন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক বলেন, আমরা যে পরিমাণ তুলা উত্পাদন করি তা চাহিদার তুলনায় অনেক কম। তাই চাহিদার প্রায় ৯০ ভাগ তুলা বিদেশ থেকে আমদানি করতে হয়। এই সেক্টরকে এগিয়ে নিতে এই ধরনের সম্মেলন বড় ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।
 
এফবিসিসিআই সভাপতি বলেন, অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা। আমরা রাজনীতিবিদদের আশ্বস্ত করতে চাই, যদি দেশে স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে তাহলে আমরা ব্যবসায়ীরা দেশকে এমন উচ্চতায় নিয়ে যেতে পারবো যা অন্য অনেক দেশও পারেনি। তিনি আরো বলেন, তৈরি পোশাক রপ্তানিতে আমরা অনেক দূর এগিয়েছি। তবে এর মূল উপাদান হিসেবে তুলার বেশিরভাগই আমদানি করতে হয়।
 
বিটিএমএ সভাপতি তপন চৌধুরী বলেন, প্রথম বারের মতো বাংলাদেশে এ ধরনের সম্মেলনের আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে এ খাতের সমস্যা সম্ভাবনা নিয়ে আলোচনা হবে। সেই সাথে অংশগ্রহণকারী উদ্যোক্তাগন নিজেরা মতবিনিময় ও পারষ্পরিক সহযোগীতা বাড়াতে পারবেন।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিসিএ সভাপতি মোহাম্মদ আইয়ুব, বিটিএমইএর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 
সম্মেলনে ২০টি দেশের স্পিনিং উপখাত ও তুলা ক্রয়-বিক্রয়ের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধি অংশ নিচ্ছেন। দুই দিনের এই সম্মেলনে ১৩টি সেশনে ভাগ করা হয়েছে। প্রথমদিন শুক্রবারে ৮টি সেশন ও শনিবার ৫ টি সেশন অনুষ্ঠিত হবে।