অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান শেন ওয়াটসন স্বীকার করে বলেছেন, কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বোলার ওয়াহাব রিয়াজের বোলিংয়ে পার পাওয়ায় তিনি ভাগ্যবান। ৬৬ বলে অপরাজিত ৬৪ রান করা ওয়াটসন অস্ট্রেলিয়ার জয়ে অবদান রাখলেও, ব্যক্তিগত চার রানের সময়ই আউট হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন তিনি। ওয়াহাবের ১৪৫ গতির একটি বাউন্সার ফাইন লেগ দিয়ে খেলতে গিয়ে শূন্যে ভেসে ওঠে । কিন্তু ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন ফিল্ডার রাহাত আলী। এরপরও থামছিলেন না ওয়াহাব। তার একের পর এক কঠিন ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে ওঠেন ওয়াটসন। কিন্তু শেষ পর্যন্তই টিকে থাকতে সক্ষম হন তিনি। খেলা শেষে এই অজি ব্যাটসম্যান বলেন, ‘ওয়াহাব সকটুকু দিয়ে খেলেছে। সঠিকভাবেই বল করছিলো সে এবং সত্যিকার অর্থেই কিছু বাজে ডেলিভারি দিচ্ছিলো সে। আমি ভাগ্যবান যে তার স্পেলে আমি পার পেয়েছিলাম।’
