বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ব্যাপারে পুলিশকে ফোন করা কথিত সংবাদদাতাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সিরাজ মাষ্টার পরিচয় দিয়ে ওই ব্যক্তি ফোন করে পুলিশের এক কর্মকর্তাকে জানান যে সালাহ উদ্দিনকে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার খাটিয়ামারি চরে অচেতন অবস্থায় তিনি পেয়েছেন। তিনি বর্তমানে তার হেফাজতে রয়েছেন। সালাহ উদ্দিন তার স্ত্রী-সন্তানের কাছে ফিরে যেতে চেয়েছেন। এরপর তিনি ঘুমিয়ে পড়েন বলে সিরাজ মাষ্টার পুলিশ কর্মকর্তাকে জানান।
পরে পুলিশ মোবাইল ফোনটি সম্পর্কে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাছ থেকে বিস্তারিত তথ্য নেয়। ফোনটি সিরাজ মাষ্টার করেছিলেন চট্টগ্রামের পাহাড়তলী এলাকা থেকে। ওই ব্যক্তি বিএনপি নেতা সালাহ উদ্দিনের ব্যাপারে ভুয়া সংবাদ দিয়ে কি নাটক সাজাতে চেয়েছিলেন, সে ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে পুলিশ। এদিকে গতকাল সালাহ উদ্দিন ‘নিখোঁজ’র ১১ দিন অতিবাহিত হয়েছে। গতকাল পর্যন্ত তার সন্ধানও পাননি পুলিশ কর্মকর্তারা।
