পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হলো অস্ট্রেলিয়া। আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ফাইনালে ওঠার লড়াই।
অস্ট্রেলিয়ার অ্যাডেলিড ওভালে পাকিস্তানের করা ২১৩ রানের জবাবে স্বাগতিক দল ৫৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিলো। তবে স্টিভ স্মিথ (৬৫) ও শেন ওয়াটসনের অপরাজিত ৬৪ রানের দুটি ইনিংসের কল্যাণে ৬ উইকেটের বড় জয় পায় অস্ট্রেলিয়া। ম্যাক্সওয়েল ২৯ বলে ৪৪ রান করলে ৩৪তম ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় পঞ্চমবারের মতো শিরোপার স্বপ্ন দেখা অজিরা। জয় সূচক রানটি আসে ওয়াটসনের ব্যাট থেকে। ১০ ওভারে মাত্র ৩৫ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার হ্যাজলউড।
ম্যাচ শেষে অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, এ জয়ে আমরা আনন্দিত। বোলাররা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে। আমাদের ফিল্ডিং ভালো হয়েছে। তবে ওয়াহাব আমাদের চাপে ফেলেছিল। দীর্ঘদিন পরে আমি এরকম একটা দুরন্ত গতির বোলিং দেখলাম। ওয়াটসন পরিস্থিতি সামাল দিয়েছে। ফাইন লেগে ওয়াটসনের ক্যাচটি ধরতে পারলে আমরা কঠিন পরিস্থিতিতে পড়তাম। এখন আমরা আরো একটি কঠিন প্রতিযোগিতার (ভারতের বিরুদ্ধে) অপেক্ষায় রয়েছি।
পাকিস্তান অধিনায়ক বলেন, অবশ্যই ব্যাপারটা হতাশার। কৃতিত্ব অস্ট্রেলিয়ার। তারা এর যোগ্য ছিল। আমাদের ব্যাটিং বাজে হয়েছে। যদিও একটা সময়ে ২৭০-৮০ হবে বলে মনে হয়েছিল। কিন্তু বাজে শট খেলার মাশুল দিতে হয়েছে আমাদের।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৪৯.৫ ওভারে (হারিস সোহেল ৪১, মিসবাহ-উল-হক ৩৪, শোয়েব মাকসুদ ২৯, শহীদ আফ্রিদি ২৩; মিশেল স্টার্ক ২/৪০, হ্যাজলউড ৪/৩৫, ম্যাক্সওয়েল ২/৪৩)।
অস্ট্রেলিয়া: ৩৩.৫ ওভারে ২১৬/৪ (স্টিভ স্মিথ ৬৫, শেন ওয়াটসন *৬৪, গ্ল্যান ম্যাক্সওয়েল ৪৪; ওয়াহাব রিয়াজ ২/৫৪)
