ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচটি উপভোগ করতে হাজার বাঙালির পাশাপাশি ছিলেন অষ্ট্রেলিয়া নিবাসী একাধিক শোবিজ তারকারাও। নিজের দেশের জার্সি গায়ে বাঘ, পুতুল কিংবা প্ল্যাকার্ড নিয়ে বসেছিলেন স্টেডিয়ামে। এরা হলেন কণ্ঠশিল্পী মালা, চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা সালেহীন স্বপন, প্রখাত গীতিকার-কম্পোজার নিয়াজ আহমেদ অংশু’সহ বেশ ক’জন। কিন্তু অ্যাম্পায়ারদের ভুল সিদ্ধান্তের কারণে অনেকেই নিজেদের ক্ষোভ প্রকাশ করে বের হলেন। শুধু তাই নয় কণ্ঠশিল্পী মালা বলেন, ‘আমাদের দিকে আইসিসি’র ক্যামেরাও আসেনি। সমস্ত দর্শক যেন ভারতীয়রাই ছিল। এটাই বোঝানো হয়েছে। এই অবিচারের মানে কি?’ নিয়াজ আহমেদ অংশু বলেন, ‘ওদের চাপাচাপিতে সত্যিই কোনঠাসা হয়ে পড়ছিলাম। আর কিছুক্ষণ পরপরই আইসিসি’র স্কোর বোর্ডে ‘জিতেগা ইন্ডিয়া জিতেগা’ এই বিজ্ঞাপনের কি মানে! আমরা দর্শক হয়েই তো চাপ সহ্য করতে পারছিলাম না। প্লেয়াররা কিভাবে সইবে?
প্রযোজক সালেহীন স্বপন বলেন, ‘কেঁদেছি মাঠে বসেই। দুঃখে নয় রাগে, ক্ষোভে। খেলে আমরা হারতাম কষ্ট ছিল না। কিন্তু প্লেয়ারদের সাথে আম্পায়ারাও খেলা শুরু করলে কিছু বলার থাকে না। আমরা প্ল্যাকার্ডেই সেই ক্ষোভ জানিয়েছি।’
