রবিবার সকাল থেকে ৭২ ঘণ্টার হরতাল

আপডেট : ২১ মার্চ ২০১৫, ১৫:০৭
 
টানা অবরোধের মধ্যে আবারো ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। রবিবার  সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত এই হরতাল চলবে। শনিবার এক বিবৃতিতে জোটের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে জানানো হয় বিবৃতিতে বলা হয়, জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। বিএনপি ও ২০ দলের পক্ষ থেকে আমরা তাই দেশব্যাপী চলমান শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সালাহউদ্দিন আহমেদসহ ২০ দলের আটক নেতা-কর্মীদের মুক্তি এবং গুম, খুন, অপহরণ, নির্যাতন ও পাইকারি গ্রেফতার বন্ধের দাবিতে রবিবার ভোর ছয়টা থেকে ২৫ মার্চ বুধবার ভোর ছয়টা পর্যন্ত টানা ৭২ ঘণ্টা দেশব্যাপী হরতাল আহ্বান করছি।
বিবৃতিতে বলা হয়, সারা দেশে প্রতিদিনই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বিএনপি, ২০-দলীয় জোট ও অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মী ও সমর্থকদের গ্রেফতার ও অপহরণ করা হচ্ছে। অনেককে গুম করা হচ্ছে। মিথ্যা গল্প সাজিয়ে কথিত বন্দুকযুদ্ধের নামে অনেককে হত্যা করা হচ্ছে। আটক অবস্থায় কিংবা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালিয়ে পঙ্গু করে দেয়া হচ্ছে। এ পরিস্থিতিতে চলমান আন্দোলন অব্যাহত রাখা ছাড়া আর কোনো গত্যন্তর নেই।