বায়ো-টেকনোলজিভিত্তিক শিল্প গড়ে তোলার গুরুত্বারোপ

আপডেট : ২১ মার্চ ২০১৫, ১৬:০৬
 
 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পাবলিক-প্রাইভেট পার্টনারশীপের (পিপিপি) মাধ্যমে দেশে বায়ো-টেকনোলজিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।
মন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচন, মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাস, নারী শিক্ষার হার বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও কৃষি উন্নয়নসহ সকল ক্ষেত্রে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর তুলনায় বিস্ময়কর অগ্রগতি লাভ করেছে। তিনি বলেন, শুধু রাজনৈতিক হানাহানি ও সহিংসতার কারণে দেশের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় বাংলাদেশ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান সমিতির উদ্যোগে ‘বায়োকেমিস্ট্রি, ইন্ডাস্ট্রি এন্ড সাসটেনেবল্ ইকোনমি’ শীর্ষক দিনব্যাপী এক জাতীয় সম্মেলনে একথা বলেন। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণের জন্য সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্য-আয়ের দেশে পরিণত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
 
দেশে চলমান সংকটের দিকে ইঙ্গিত করে বাণিজ্যমন্ত্রী বলেন, জনগণ এখন আর হরতাল-অবরোধ মানে না। তাই ভাংচুর, অগ্নি-সংযোগ ও বোমা মেরে দাবি আদায় করা যাবে না। ‘সন্ত্রাসীদের সঙ্গে কোন ধরনের সংলাপ হবে না’ বলেও তিনি মন্তব্য করেন।
 
বাংলাদেশ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. সাইয়াদ সালেহীন কাদরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে 
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রধান অতিথি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 
প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. হাসিনা খান স্বাগত বক্তব্য দেন। বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ মূলপ্রবন্ধ উপস্থাপন করেন। 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের বায়ো-টেকনোলজি শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধন করতে হবে। তিনি বিভিন্ন মারণ ব্যাধি থেকে মানুষকে মুক্ত করতে বায়ো-সায়েন্সের সফল ব্যবহার নিশ্চিত করার আহবান জানান।
তিনি দেশে ফরেনসিক সায়েন্স আধুনিকায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অপরাধীদের শনাক্ত করতে এর কার্যকর ব্যবহার করতে হবে। তিনি গবেষণার পাশাপাশি দেশে বাণিজ্যিকভিত্তিতে বায়ো-কেমিক্যাল ও বায়ো-টেকনোলজি উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন। 
উপাচার্য বলেন, বায়ো-টেকনোলজি শিক্ষা ও গবেষণার উৎকর্ষ সাধনে দেশের মেধাবী শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে তুলতে হবে।