পোড়া মানুষ মাঝে রেখে লেনদেন হতে পারে না : ইনু

আপডেট : ২১ মার্চ ২০১৫, ১৭:১৬
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, পোড়া মানুষ মাঝে রেখে রাজনীতিতে কোন লেন-দেন হতে পারে না। একদিকে সিটি নির্বাচনে অংশ নিবেন, অন্যদিকে আন্দোলনের নামে নৈরাজ্য চালিয়ে যাবেন, এটা হতে পারে না। তাই যতই নির্বাচনে অংশ নেন না কেন মানুষ পোড়ানো ও পরিকল্পিত হত্যাকাণ্ড থেকে বেগম খালেদা জিয়া রেহাই পাবেন না।
 
কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া শামুকিয়া মালিথাপাড়ায় প্রায় ২৫০টি ঘরে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান অনুষ্ঠানে যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। 
 
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে রাজাকার-আলবদর সমর্থিত কোন সরকার আর হবে না। রাজাকার-আগুন সন্ত্রাসী সমর্থক সরকার যাতে আর কোন দিন রাষ্ট্র ক্ষমতায় না আসে সে ব্যাপারে আমাদের সকলকে ঐক্যমতে আসতে হবে। 
এ সময় আরো বক্তৃতা করেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আলহাজ মখলেছ গনি, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন ও জাতীয় পার্টি (মঞ্জু) সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গির হোসেন।
আলোচনা সভা শেষে মন্ত্রী সুইচ টিপে ২১০টি আবাসিক বাড়িতে এবং ২টি দাতব্য চিকিৎসালয় এবং একটি সেচ কাজের নতুন বিদ্যৎ সংযোগের লাইন উদ্বোধন করেন। এরপর তিনি নওদা বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন ও ছোন্দাহ হাউসপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেন।