বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমরা চেয়েছিলাম বিগত ৫ জানুয়ারি সবার অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন। কিন্তু বিএনপি তাতে অংশ না নিয়ে ভুল করেছেন। যার খেসারত এখন দিচ্ছে। আশা করি, ৫ জানুয়ারির মতো আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনেও বিএনপি একই ভুল করবে না ।’
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে “বায়োকেমিস্ট্রি, ইন্ডাস্ট্রি এন্ড সাসটেনেবল্ ইকোনমি” শীর্ষক দিনব্যাপী এক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগিতায় বাংলাদেশ প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান সমিতি এ সম্মেলনের আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জনগণ এখন আর হরতাল-অবরোধ মানে না। তাই ভাঙচুর, অগ্নিসংযোগ ও বোমা মেরে দাবি আদায় করা যাবে না। সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের সংলাপ হবে না।’
