বরিশালের আগৈলঝাড়ায় ৩৫৬ কোটি টাকা ব্যয়ে গড়ে উঠছে ‘ইকোনোমিক জোন’। এতে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে বদলে যাবে এখানকার অর্থনৈতিক চিত্র। জোনে উৎপাদিত পণ্য দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও রফতানি করা সম্ভব হবে। আগৈলঝাড়া উপজেলায় ৩শ’ একর জমিতে এটি তৈরি করা হবে।
সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কতৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড সভায় বরিশালে ইকোনোমিক জোন করার প্রস্তাব অনুমোদন দেয়া হয়। এজন্য আগৈলঝাড়ায় জমি অধিগ্রহনে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কতৃপক্ষ। চলতি বছরের মধ্যেই জমি অধিগ্রহণ ও সমীক্ষা শেষে জোন গঠনের কাজ শুরু হবে বলে সূত্র জানায়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু ইউছুফ মো. রেজাউর রহমান জানান, জোন তৈরিতে জমি অধিগ্রহন পক্রিয়াসহ সার্বিক পরিকল্পনা বেজাকে জানানো হয়েছে। ইতোমধ্যে এ প্রকল্প অনুমোদনও হয়ে গেছে। ‘ইকোনিমিক জোন’ গড়ে ওঠার মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক ক্ষেত্রে নতুন দিগন্ত সূচনা হবে বলে তিনি মনে করেন।
অগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়রম্যান গোলাম মোর্তজা বলেন, বর্তমান সরকারের একের পর এক উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের চেহারা বদলে যাচ্ছে। আর এবার বরিশালের অর্থনৈতিক ব্যবস্থা বদলে দিতে অর্থনৈতিক জোন হচ্ছে। এখানে প্রচুর বেকার যবক-যুবতীরা কর্মসংস্থানে সুজোগ পাবে। মূলত পদ্মা সেতু তৈরির সুফল হিসাবেই অর্তনৈতিক ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তনকে দেখছেন তিনি।
