ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দল সমর্থিত প্রার্থী দেয়ার বিষয়ে ‘ইতিবাচক’ সিদ্ধান্ত থাকলেও সম্ভাব্য প্রার্থীদের কাউকে এখনও প্রস্তুতি নেয়ার সংকেত দেয়নি বিএনপি। অন্যদিকে, এই নির্বাচনে অংশগ্রহণ করা না করার বিষয়ে এখন পর্যন্ত অন্ধকারে রয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট শরিকরা। বিএনপির পক্ষ থেকে জোট শরিকদের সঙ্গে গতকাল শনিবার পর্যন্ত যোগাযোগ করা হয়নি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের একাধিক সূত্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় প্রধান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখনও কাউকে কোনো ইঙ্গিত দেননি। সম্ভাব্য প্রার্থীদের কারও সঙ্গে তার সরাসরি যোগাযোগও এখন পর্যন্ত হয়নি। তবে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী বিএনপির একাধিক নেতা গতকাল বিভিন্ন মাধ্যমে গুলশান কার্যালয়ে যোগাযোগ করেছেন।
সূত্রমতে, শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে তিনটি সিটি করপোরেশনেই মেয়র পদে একক প্রার্থীকে সমর্থন দেবে ২০ দলীয় জোট। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপিসহ ২০ দল সমর্থিত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের নাম শোনা যাচ্ছে। ঢাকা দক্ষিণে শোনা যাচ্ছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, ঢাকা মহানগর বিএনপির সদস্য-সচিব হাবিব-উন নবী খান সোহেল ও কারাবন্দি নাসিরউদ্দিন পিন্টুর নাম। আর চট্টগ্রামে মেয়র পদে বর্তমান মেয়র মনজুর আলম, সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন ও চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নাম উচ্চারিত হচ্ছে। চট্টগ্রামে বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের কথাও শোনা যাচ্ছে।
তবে সম্ভাব্য এই মেয়র প্রার্থীদের অনেকেই বর্তমানে আত্মগোপনে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে জানতে চাইলে এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আবদুল আউয়াল মিন্টুর একজন সহকারী গতকাল ইত্তেফাককে জানান, মিন্টু বিষয়টি সংবাদ মাধ্যমে জেনেছেন, তবে দলের হাইকমান্ডের সঙ্গে এ ব্যাপারে তার এখনও কথা হয়নি। একই কথা জানিয়েছেন হাবিব-উন নবী খান সোহেলের ঘনিষ্ঠ একজন। জানা গেছে, আসাদুজ্জামান রিপন ও আবদুস সালাম গতকাল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যোগাযোগ করেছেন। তবে সেখানকার কেউ তাদেরকে নির্বাচনের বিষয়ে কোনো সংকেত বা আশ্বাস দিতে পারেননি।
মান্নাকে নাগরিক ঐক্যের সমর্থন
জাসদের দুই প্রার্থী
রাষ্ট্রদ্রোহিতার মামলায় কারাগারে আটক মাহমুদুর রহমান মান্নাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নাগরিক ঐক্য। গতকাল শনিবার রাতে সংগঠনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি ও তার পরিবার। সভায় ডিসিসি উত্তরের নির্বাচনে মান্নার প্রার্থিতা ঘোষণাকে সমর্থন করে বলা হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ও পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে। নির্বাচনে টাকার ছড়াছড়ি এবং পেশীশক্তির ব্যবহার বন্ধের দাবি জানানো হয়। এছাড়া সকল প্রার্থীর জন্য সমতল মাঠ নিশ্চিতের দাবিও জানানো হয়।
এদিকে, মীর হোসাইন আখতার ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবং মো. শহীদুল ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সমর্থিত মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। হোসাইন আখতার ঢাকা মহানগর জাসদ সমন্বয় কমিটির সমন্বয়ক এবং শহীদুল ইসলাম ঢাকা মহানগর পূর্ব জাসদের সভাপতি। গতকাল অনুষ্ঠিত জাসদ ঢাকা মহানগরের প্রতিনিধি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া তাদের প্রার্থিতার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন।
