ফেনীতে পেট্রোল বোমা হামলায় দগ্ধ ট্রাক চালক মুক্তিযোদ্ধা মো. ইউসুফ আলী খান শনিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে মারা গেছেন। ইউসুফ বুড়িচং উপজেলার কাকিয়ারচর গ্রামের বাসিন্দা।
দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ ঢামেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে কুমিল্লায় নিয়ে আসার প্রস্তুতি চলছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
নিহতের পরিবারের সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে মাছ বোঝাই ট্রাকটি নিয়ে নোয়াখালী যাচ্ছিলেন। ফেনীর দাগনভুঁইয়ায় পৌঁছালে রাত সাড়ে তিনটার দিকে ট্রাকটিতে পেট্রোল বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় মুক্তিযোদ্ধা ইউসুফ খানসহ আরো চারজন দগ্ধ হন। পরদিন শুক্রবার সকাল নয়টার দিকে তাদেরকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।
বুড়িচংয়ের স্থানীয় মোকাম ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, ইউসুফ খান মোকাম ইউপি আওয়ামী লীগের সদস্য ছিলেন। তার তিন ছেলে এক মেয়ে রয়েছে। তিনি পাশের জিয়াপুর গ্রামের মোখলেছ বেপারীর ট্রাক ভাড়ায় চালাতেন। তার আয়ে পরিবারের সদস্যদের ব্যয় মিটানো হতো। তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
