চিলির খরা-কবলিত দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে কয়েকশ’ অসাধারণ প্রজাতির উদ্ভিদ ধ্বংস হয়েছে। দাবানলটি এখন বন্য প্রাণীর জীবনের ওপরেও হুমকি হিসেবে দেখা দিয়েছে বলে শনিবার কর্মকর্তারা সতর্ক করেছেন।
মেক্সিকো থেকে দক্ষিণ চিলির অ্যাসিয়োন ইকোলোজিকার প্রধান লুইস মারিয়ানো রেন্ডোন এএফপিকে বলেন, ‘আমরা ব্যাপক পরিবেশগত বিপর্যয় প্রত্যক্ষ করছি।’ তিনি আরো বলেন, ‘দাবানলে অ্যারুকারিয়া আরাউকানার মতো প্রজাতিগুলো ধ্বংস হয়েছে। এই গাছগুলো পরিপক্কতা পেতে কয়েকশ বছর সময় লাগে। তাই এটা বিশেষত বর্তমান প্রজন্মের জন্য একটি অপূরণীয় ক্ষতি।’
দমকল কর্মীরা জানান, দাবানলের গ্রাসে দেশটির দক্ষিণাঞ্চলের ৩ হাজার ৭০০ হেক্টরের বেশি এলাকা ধ্বংস হয়ে গেছে। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগটি আংশিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। জাতীয় জরুরি কার্যালয় ওএনইএমআই জানায়, এখনও ২৫টি স্থানে দাবানল সক্রিয় রয়েছে। এগুলো ১১ হাজার ৪২৮ হেক্টর এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়িয়ে দিচ্ছে।
জাতীয় বন বিভাগের কর্মকর্তা জানান, কঙ্গুইলিও ন্যাশনাল পার্কের সংরক্ষিত ৭০ হেক্টর এলাকার দাবানলে ধ্বংস হয়েছে, তবে শনিবার রাতে এটি নিয়ন্ত্রণে এসেছে।
