শিরোপা লড়াইয়ে ঘুরে দাঁড়ানো বার্সেলোনা লা লিগায় ইতিমধ্যে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ছাড়িয়ে যাওয়ার পর ব্যবধান আরো বাড়ানোর লক্ষ্যে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোয় মাঠে নামছে আজ। লিওনেল মেসি পুরনো ফর্ম ফিরে পাওয়ায় কাতালান দলটি গত ১৮ খেলা থেকে ১৭ জয় নিয়ে দূর্দান্ত নৈপূণ্যে আছে। সে তুলনায় হঠাত্ করেই ম্রিয়মাণ মাদ্রিদের মূল স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদো।
বার্সেলোনা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল থেকে এক পয়েন্ট বেশি নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে। বিপরীতে রিয়াল মাদ্রিদ যেন ২০১৪ সালে স্প্যানিশ রেকর্ড টানা ২২ খেলায় জয়ী দলটির ছায়া মাত্র। সে জয়ের ধারার মধ্যেই ছিল বার্সেলোনার বিরুদ্ধে ৩-১ গোলের জয়টিও।
রিয়াল কিংবা বার্সেলোনার ফর্ম যাই হোক ন্যু ক্যাম্পে অনুষ্ঠেয় আজকের এল ক্লাসিকোতে মেসি-রোনালদো দ্বৈরথটি আবার দেখতে পাবেন ফুটবলামোদীরা। দু’জনের এ লড়াইয়ের ধারে কাছে তুলনীয় হতে পারে এমন কিছু হালফিল ফুটবল বিশ্বে দ্বিতীয়টি নেই।
মেসি অবশ্য খেলাটির প্রাক্কালে প্রতিপক্ষ রিয়ালের প্রতি সম্মান রেখে বলেন, ‘আমরা অনেক সমীহ নিয়েই ম্যাচটিতে মুখোমুখি হবো। মাদ্রিদ কখনোই খারাপ খেলে না এবং যখন তারা নৈপুণ্যে ফেরার লড়াইয়ে থাকে, সেসময় তাদের আরো বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক মনে হয়। তাছাড়া, দলটিতে মেধাবী অনেক খেলোয়াড় রয়েছেন। আমরা তাদের আগের চেয়ে বেশি সম্মান দেখাচ্ছি।’
বার্সা বছরের শুরুতে রিয়াল সোসিয়াদের মাঠে হেরে অনেকটা ভেঙ্গে পড়ে। সপ্তাহটা অনেকটা বিশৃঙ্খল ছিলো তাদের জন্য। কেননা ওই সময়টাতেই বরখাস্ত করা হয় বার্সার স্পোর্টস পরিচালক জুবিজারেত্তাকে এবং মৌসুম শেষে ক্লাবটিতে নির্বাচনের ডাক দেন বার্সা সভাপতি জোসেপ বার্টোমিউ। তবে এসব ঘটনা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি তাদের খেলায়। দুর্দান্তভাবে এগিয়ে যায় দলটি। নৈপুণ্যে ফেরার পথে কোপা ডেল রের ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল এবং রিয়ালকে টপকে লা লিগার শীর্ষস্থান নিশ্চিত করেছে কোচ লুই এনরিকের দল।
ভিন্ন পথে হেঁটেছে রিয়াল। চোট সমস্যা এবং কঠিন প্রতিদ্বন্দ্বিতা ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের পারফরম্যান্সে ঘাটতি দেখা দেয়। শীতকালীন ছুটির পর কোচ কার্লো অ্যানচেলোত্তির দলটি নয় জয়, দুই হার এবং পাঁচ ড্রয়ের কবলে পড়ে। তবে ফুরফুরে থেকেই ন্যু ক্যাম্পে আসছে কার্লো অ্যানচেলত্তির দল। গত রবিবারের পর কোন ম্যাচ না খেলায় এই সময়টা বিশ্রামেই ছিলো তারা। কিন্তু স্বাগতিক বার্সেলোনার আত্মবিশ্বাসটা বেশি চাঙ্গা। কেননা গত বুবধার চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় লেগের খেলায় নিজেদের মাঠে ইংলিশ জায়ান্ট ম্যান সিটিকে হারিয়ে টানা আটবারের মতো প্রতিযোগিতাটির কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মেসিরা।
এল ক্লাসিকোর আগে দলীয় শক্তির ব্যাপারে বার্সা কোচ এনরিকে বলেন, ‘সিটির বিপক্ষে জয় নিয়ে আমরা আমাদের শক্তি আরো বাড়িয়েছি। তাছাড়া নিজেদের মাঠে খেলায় গুরুত্বপূর্ণ সুবিধাটা তো আমরা পাচ্ছিই। কিন্তু অনেক কারণে এটাই খেলার চূড়ান্ত কিছু হবে না। ফেভারিট হওয়ার কথা-বার্তা অনেক সময়ই ঝুঁকিপূর্ণ এবং নিরর্থক হয়ে থাকে।’
বরাবরের মতো আজকের এল ক্লাসিকোতেও মেসি এবং রোনালদো দু’দলের হয়ে বড় দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে। চলতি মৌসুমে শুরুর দিকে রোনালদো গোলের দিক থেকে এগিয়ে থাকলেও সময়ের সঙ্গে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। তবে গত ১২ ম্যাচে স্বরূপ দেখিয়েছেন মেসি। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি লা লিগায় বার্সা তারকার গোল দাঁড়িয়েছে ৩২টি, রোনালদোর ৩০টি। সর্বসাকূল্যে মেসির গোল ৪৩টি, রোনালদোর ৪১টি। এল ক্লাসিকোর দিন লা লিগার অপর খেলাগুলোয় স্বাগতিক দেপোর্তিভো লা করুনা মুখোমুখি হবে এস্পানিওলের সঙ্গে, ভিয়ারিয়াল খেলবে অতিথি সেভিয়ার সঙ্গে এবং সোসিয়েদাদ আতিথ্য দেবে কর্ডোবাকে।
সংখ্যায় এল ক্লাসিকো
২ কোচ কার্লো অ্যানচেলত্তি ২০১২-১৩ মৌসুমে হোসে মরিনহোর কাছ থেকে রিয়ালের দায়িত্ব নেয়ার পর চারটি এল ক্লাসিকোর দু’টিতে জয় পেয়েছেন।
১৯এল ক্লাসিকো ম্যাচে সবচেয়ে বেশি ১৯ বার কার্ড (১৮টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড) পেয়েছেন রিয়াল এবং স্পেনের সাবেক ডিফেন্ডার ফার্নান্দো হিয়েরো, যিনি বর্তমানে রিয়ালের হয়ে সহযোগি কোচের দায়িত্বে আছেন। রিয়ালের বর্তমান দলের সবচেয়ে বেশি ১৬টি কার্ড (১৪টি হলুদ কার্ড ও দু’টি লাল কার্ড) পাওয়া খেলোয়াড় সেন্টার-ব্যাক সার্জিও র্যামোস।
২১ক্লাসিকো ম্যাচে এখন পর্যন্ত এই পরিমাণ গোল করেছেন বার্সা তারকা লিওনেল মেসি। বার্সা ও রিয়ালের বর্তমান দলের মধ্যে মেসিই সবচেয়ে বেশি গোল করা খেলোয়াড়। এ ক্ষেত্রে রিয়াল তারকা রোনালদোর গোল ১৪টি।
৩২বার্সা কোচ লুই এনরিকে খেলোয়াড় হিসেবে বার্সা (১৯৯১-৯৬) এবং রিয়ালের হয়ে (১৯৯৬-২০০৪) এই পরিমাণ ক্লাসিকো ম্যাচ খেলেন।
৪৪এই পরিমাণ ক্লাসিকো ম্যাচ খেলে রেকর্ড গড়েন সাবেক রিয়াল তারকা প্যাকো গেনতো। দু’দলের বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি এল ক্লাসিকো ম্যাচ খেলা খেলোয়াড় বার্সার প্লে-মেকার জাভি। ৪১টি ক্লাসিকো ম্যাচ খেলেছেন তিনি। রিয়াল গোলরক্ষক ইকার ক্যাসিয়াস, বার্সা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা এবং স্ট্রাইকার মেসি যথাক্রমে ৩৬, ৩০ ও ২৯টি এল ক্লাসিকো ম্যাচ খেলেছেন।
৯২বার রিয়াল অফিসিয়াল এল ক্লাসিকো লড়াইয়ে বার্সাকে হারিয়েছে। ৮৯ বার জয় পেয়েছে বার্সা, ড্র হয়েছে ৪৮টি লড়াই।
২২৯দু’দলের মধ্যকার ১৯০২ সালের স্প্যানিশ কাপের সেমিফাইনাল লড়াই থেকে এখন পর্যন্ত এই পরিমাণ অফিসিয়াল ক্লাসিকো ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ওই লড়াইটিতে ৩-১ গোলের জয় পেয়েছিল বার্সা।
৩৮৮গোল নিয়ে ক্লাসিকো লড়াইয়ে গোলে এগিয়ে রিয়াল, যা বার্সা থেকে ১৬ গোল বেশি।
৫০০মিলিয়ন-বিশ্বজুড়ে আনুমানিক এই পরিমাণ সমর্থক এল ক্লাসিকো লড়াই দেখবে বলে ধারণা করা হচ্ছে।
৭২০মিলিয়ন- দল বদলের বাজারে এটা রিয়ালের বাজার মূল্য, এ ক্ষেত্রে বার্সার বাজার মূল্য ৬০০ মিলিয়ন।
