সিটি নির্বাচনে বিএনএফের দুইজন করে প্রার্থী

আপডেট : ২২ মার্চ ২০১৫, ১৮:১৭
 
 
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে চারজনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)। রবিবার এক সংবাদ সম্মেলনে দল সমর্থিত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনএফ চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এ বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ‌‘দৈব দুর্বিপাকের কথা তো আগে থেকে বলা যায় না। তাই একজন মূল প্রার্থীর পাশাপাশি আরেকজন করে বিকল্প প্রার্থীও মনোনয়নপত্র সংগ্রহ করবেন।’
 
বিএনএফ ঘোষিত ‘মূল’ মেয়র প্রার্থীরা হলেন- ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আতিকুর রহমান খান নাজিম (বিএনএফ শ্রমিক ফন্টের আহ্বায়ক) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শফিউল্লাহ চৌধুরী (বিএনএফ দপ্তর সম্পাদক)। ‘বিকল্প’ প্রার্থীরা হলেন- উত্তরে এ ওয়াই এম কামরুল ইসলাম (বিএনএফ যুব ফন্টের আহ্বায়ক), দক্ষিণে নাসিরা খাতুন (সাবেক সরকারি কর্মকর্তা)।
 
রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে চার প্রার্থীকে পাশে রেখে বিএনএফ প্রধান বলেন, “আমাদের দলের মধ্যে কোনো অনৈক্য নেই, হাই কমান্ডের নির্দেশ প্রত্যেকেই মেনে চলবে।”