অনিশ্চিত যাত্রার জন্য প্রস্তুত দ. আফ্রিকা: ডেভিড মিলার

আপডেট : ২২ মার্চ ২০১৫, ১৮:৩১
 
আগামী মঙ্গলবার অকল্যান্ডে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম সেমি-ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডের মোকাবেলা করবে দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচটিকে সামনে রেখে প্রোটিয়া ব্যাটসম্যানের বিশ্বাস, তার দল এখন প্রস্তুতি নিচ্ছে অনিশ্চিত যাত্রার জন্য। সেই ১৯৯২ সালে বিশ্বকাপ ক্রিকেটে যোগ দেয়ার পর এ পর্যন্ত তিনবার তারা সেমিফাইনালের মঞ্চ থেকে বিদায় নিয়েছে। বলা যায়, এখনো পর্যন্ত বিশ্বকাপ শিরোপার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রোটিয়ারা।
 
নিউজিল্যান্ডের অতীত অভিজ্ঞতা আরো বাজে। এর আগে বিশ্বকাপের ছয়টি সেমিফাইনালে তারা অংশগ্রহণ করলেও প্রতিটি ম্যাচেই পরাজিত হয়েছে। অতীত ঘটনার কারণে প্রোটিয়া দলটি নিজেদের নামের পাশে স্থায়ীভাবে বসিয়ে নিয়েছে ‘চোকার’ খেতাবটি। এই পর্যায়ে ওই খেতাব ঘোচানোর জন্য কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ শ্রীলংকার বিপক্ষে ৯ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করেছে তারা। মিলার বলেন, ‘এটি এমন একটি যাত্রা, যার ফল কি হবে তা অজানা। এটি একটি রোমাঞ্চকর সময়। একটি মাত্র ধাপ এগুতে পারলে আট দিনের মধ্যে আমরা হয়ে যেতে পারি বিশ্ব চ্যাম্পিয়ন।'
 
মঙ্গলবার তাদের সেমি-ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ইডেন পার্কে। এটি ক্রিকেটের চেয়ে বেশী পরিচিত রাগবি ভেন্যু হিসেবে। মাঠের বাউন্ডারি অপেক্ষাকৃত ছোট হওয়ায় বিশ্বকাপের ওই ম্যাচে চার-ছয়ের বন্যা বইবে বলে ধারণা করা হচ্ছে। তবে টুর্নামেন্টের দু’টি লো স্কোরিং ম্যাচই অনুষ্ঠিত হয়েছে এই ইডেন পার্ক মাঠে। একটিতে নিউইজল্যান্ড এক উইকেটে জয়লাভ করেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর অপরটিতে দ. আফ্রিকাকে ২৯ রানে পরাজিত করেছে পাকিস্তান। তবে যে কোন উপায়ে সামর্থের পুরো ফায়দাটি তুলে নেয়ার পরিকল্পনা আটছেন মারকুটে ব্যাটসম্যান মিলার। বলেন, ‘আশা করছি আমি একাধিক ছক্কা হাকাতে সক্ষম হব। এই মাঠে খেলতে হলে এমন তরিকাই প্রয়োগ করতে হবে। অন্যথায় লড়তে হবে খুবই ঠান্ডা মেজাজ দিয়ে খুবই সাবধানে।’