২৬ মার্চ স্মার্টকার্ড উদ্বোধন হচ্ছে না

আপডেট : ২২ মার্চ ২০১৫, ১৮:৩৭
 
 
নির্বাচনের কমিশন (ইসি)-এর  পরিকল্পনা অনুসারে আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় পরিচয় (এনআইডি)-এর স্মার্টকার্ড উদ্বোধন হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, হঠাত্ করে সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতিতে- এ কাজের গতি কিছুটা কমিয়ে দেয়ায় এবং আরো কিছু সমস্যার কারণে আগামী মাসের বিশেষ কোনো দিনে এই কার্ড উদ্বোধন করা হতে পারে।
 
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘দিনটি নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না।’ সেই দিনটি বাংলা নববর্ষের প্রথম দিন কিনা তাও স্পষ্ট করে কিছু বলেননি তিনি।
 
নির্বাচন কমিশন গত ২৫ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল,  আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে এ কার্ড উদ্বোধন করা হতে পারে। এরপর পর্যায়ক্রমে দেশের নয় কোটিরও বেশি নাগরিককে দেয়া হবে। এজন্য কমিশনের হাতে প্রকল্পের মেয়াদ অনুসারে ১৮ মাস সময় রয়েছে।
ওই দিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ইসি সচিবলায়ের সম্মেলন কক্ষে অনলাইনে এনআইডি সেবার উদ্বোধন করেন। ইসি’র পক্ষ থেকে জানানো হয়, ওই সেবার মাধ্যমে  দেশে প্রথম বারের মত ভোটাররা নির্বাচন কমিশনের ভোটার তথ্য ভান্ডার থেকে তাদের নিজেদের জাতীয় পরিচয় (এনআইডি) সম্পর্কিত পুর্ণ তথ্য দেখার এবং সেসব তথ্যে কোন ভুল-ভ্রান্তি থাকলে তা অনলাইনে আবেদনের মাধ্যমে সংশোধনের সুযোগ পেতে যাচ্ছেন। এছাড়া নতুন যারা ভোটার হতে চান তারা অনলাইনে আবেদনের মাধ্যমে একাজটি সম্পন্ন করতে পারবেন। ভোট দেয়ার সময় ঘরে বসে ভোটকেন্দ্র সম্পর্কে তথ্যও মিলবে এ পদ্ধতিতে।