পাকিস্তানে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে মোশাররফের দল

আপডেট : ২২ মার্চ ২০১৫, ১৮:৫৫
 
 
পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ রবিবার বলেছেন, তার দল অল পাকিস্তান মুসলিম লীগ (এপিএমএল) স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে।
 
৭১ বছর বয়সী মোশাররফ চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর দেশকে তালেবান সহিংসতা ও অর্থনৈতিক সংকট থেকে বাঁচানোর অঙ্গীকার করে সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ২০১৩ সালের মার্চে দেশে ফেরেন। কিন্তু তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়া হয়নি এবং তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতাসহ বেশ কিছু ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গৃহবন্দী রাখা হয়েছে।
 
সাধারণ নির্বাচনে মোশাররফের এপিএমএল মাত্র একটি আসনে জয় পায়। মোশাররফ তার দলকে পুনরুজ্জীবিত করতে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছেন। দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে তিনি বলেন, আমরা ‘পাকিস্তান প্রথমে’ স্লোগান নিয়ে স্থানীয় সরকার নির্বাচনে যাবো এবং জিতবো। চলতি বছরের শেষ নাগাদ পাকিস্তানের তিনটি প্রদেশে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা রয়েছে।